
মাদককে কেন্দ্র করে সংঘটিত অপরাধ কমাতে এবং মাদকের ভয়াবহতা রোধে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে মাদকের ‘শেষ শিকড় ও চুনোপুঁটি’ পর্যন্ত উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। তিনি বলেছেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় সর্বাত্মক অভিযান চলবে। মাদককারবারি, মাদকসেবী, ডিলার, গডফাদার, অর্থদাতা ও বিনিয়োগকারী, কাউকেই ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে ফেনী পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, দেশের সংঘটিত অপরাধের অর্ধেকের বেশি আসামি কোনো না কোনোভাবে মাদকসেবনের সঙ্গে জড়িত। মানুষকে মাদক থেকে দূরে রাখতে পারলে অপরাধ অনেকাংশে কমে আসবে। মাদকের কারণে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এর ভয়াবহতায় চাচার হাতে ভাতিজি ধর্ষণ এবং সন্তানের হাতে বাবাকে হত্যার মতো ঘটনাও ঘটছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই নীতির আলোকে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় সর্বাত্মক মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। প্রত্যেক থানায় ও ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ করা হবে। ফেনীকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অভিযান পরিচালনা করা হবে।
ডিআইজি বলেন, ‘আমি ফেনীর সন্তান হিসেবে এ জেলায় মাদক থাকা উচিত নয়। ফেনী থেকে মাদকের শেষ শিকড় উপড়ে ফেলা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।’
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে। কোনোভাবেই তাদের অন্ধকার জগতে হারিয়ে যেতে দেওয়া যাবে না। শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে মাদকের বিরুদ্ধে একজন করে ‘অ্যাম্বাসেডর’ হিসেবে তৈরি করতে হবে।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে আইনজীবীদের মাদকসেবীদের পক্ষে দাঁড়ানো থেকে বিরত থাকা, ইমাম ও পুরোহিতদের ধর্মীয় উপাসনালয় থেকে মাদকের ভয়াবহতা তুলে ধরা এবং রাজনৈতিক নেতাদের সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ডিআইজি বলেন, মাদক নির্মূল হলে দেশে বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি গতিশীল হবে। উন্নত দেশ গঠনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, মাদক শুধু সামাজিক ব্যাধি নয়; এর কারণে শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, ঋণ বৃদ্ধি, দুর্নীতি ও মানি লন্ডারিংসহ নানা অপরাধ বাড়ছে। এর প্রভাবে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে মাদক সমস্যা বেশি প্রকট উল্লেখ করে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ফেনীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে পুলিশ ও জেলা প্রশাসন একযোগে কাজ করবে। প্রশাসনের কেউ তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকলে তার তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা তথ্য দিন, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, শুধু ফেনীতে মাদক বন্ধ করলে হবে না, চট্টগ্রাম বিভাগের সব জেলায় মাদক বন্ধ করতে হবে। ফেনীর চারটি উপজেলা সীমান্তবর্তী হলেও সব মাদক সরাসরি সীমান্ত দিয়ে আসে না। আশপাশের জেলাগুলোও মাদকের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরিবর্তিত রুট ও গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে জেলা পরিষদ প্রশাসক এমএ খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, কমিউনিটি পুলিশের কুমিল্লা হাইওয়ে পরিধির সভাপতি জাফর উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সমীর কর, ফেনী জেলা ও দায়রা আদালতের সরকারি কৌশলী মেজবাহ উদ্দিন খান, ইসলামি আন্দোলন ফেনীর সেক্রেটারি একরামুল হক, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালকসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষক, আইনজীবী, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থী অংশ নেন।
মন্তব্য করুন