রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসায় অবহেলার অভিযোগে তিন সন্তানের জননী কনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “আমাদের অবহেলায় একজন মায়েরই অকাল মৃত্যু হয়েছে। নিষ্পাপ শিশু তার মায়ের চেহারা দেখতে পারেনি।”
শুক্রবার (২১ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে কনিকা মণ্ডলের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। চিকিৎসা অবহেলার সঙ্গে যারা জড়িত, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কনিকার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না। পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে আমি এখানে এসেছি। এই পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সরকার থাকবে।”
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে ডা. লক্ষ্মী রানী দত্তের মাধ্যমে সিজারিয়ান অপারেশনে কন্যাসন্তানের জন্ম দেন বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল (৩৫)।
অপারেশনের পরদিন তার পেট ফুলে যায়। অবস্থার অবনতি হলে ৩ জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ জুলাই পরীক্ষার পর তার পেটে গজ থাকার বিষয়টি শনাক্ত হয়। ওই দিনই অস্ত্রোপচার করে গজটি বের করা হয়।
এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে মারা যান কনিকা।
ঘটনাটি নিয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন